বাবা সন্তানের জীবনের নীরব বটবৃক্ষ, অদৃশ্য মহীরুহ
বাবা সন্তানের জীবনের নীরব বটবৃক্ষ, অদৃশ্য মহীরুহ
"বাবা"—মাত্র দুটি অক্ষরের একটি শব্দ। কিন্তু এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী। এমন এক পৃথিবী, যেখানে রয়েছে সীমাহীন ভালোবাসা, অসীম ত্যাগ, অদম্য সংগ্রাম, অগণিত স্বপ্ন আর নিঃশব্দ দায়িত্ববোধের এক অনন্য ইতিহাস।
এই পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে, যা সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু একজন বাবার ভালোবাসা কখনো বদলায় না। সন্তানের বয়স বাড়ে, জীবন বদলায়, ঠিকানা বদলায়, দায়িত্ব বাড়ে—তবুও বাবার চোখে সন্তান সবসময় সেই ছোট্ট শিশুটিই থেকে যায়, যার হাত ধরে তিনি একদিন হাঁটতে শিখিয়েছিলেন।
একজন বাবা কখনো নিজের সুখের হিসাব রাখেন না। তিনি নিজের প্রয়োজনকে ছোট করে সন্তানের স্বপ্নকে বড় করেন। নিজের নতুন পোশাক কেনার ইচ্ছা ত্যাগ করে সন্তানের বই কিনে দেন। নিজের ক্লান্ত শরীরকে উপেক্ষা করে পরিবারের মুখে হাসি ফোটাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেন। তার কপালের প্রতিটি ঘামের বিন্দু আসলে সন্তানের ভবিষ্যতের জন্য লেখা এক একটি সফলতার গল্প।
বাবারা খুব কম কথা বলেন, কিন্তু সবচেয়ে বেশি অনুভব করেন। তারা সহজে কান্না করেন না, কারণ তারা জানেন—যদি বাবা ভেঙে পড়েন, তাহলে পুরো পরিবার ভেঙে পড়বে। তাই হাজার কষ্ট বুকের ভেতর লুকিয়ে রেখে মুখে হাসি ধরে রাখেন। এই হাসির আড়ালেই লুকিয়ে থাকে অসংখ্য অপূর্ণ স্বপ্ন, না বলা কষ্ট আর নীরব আত্মত্যাগের ইতিহাস।
সন্তানের জন্য একজন বাবার দোয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আশীর্বাদগুলোর একটি। সন্তান যখন হোঁচট খায়, বাবা তখন সাহস হয়ে দাঁড়ান। সন্তান যখন ব্যর্থ হয়, বাবা তখন নতুন করে পথ দেখান। আর সন্তান যখন সফল হয়, তখন সবচেয়ে বেশি আনন্দ পান সেই মানুষটি, যিনি নিজের সাফল্যের চেয়ে সন্তানের সাফল্যকে বড় মনে করেন।
অনেকেই বলেন, বাবা হলো পরিবারের ছাদ। কেউ বলেন, তিনি পাহাড়ের মতো দৃঢ়। কেউ বলেন, সমুদ্রের মতো গভীর। কিন্তু সত্যি বলতে, পৃথিবীর কোনো উপমাই একজন বাবাকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। কারণ একজন বাবার হৃদয়ের বিশালতা পরিমাপ করার মতো কোনো যন্ত্র আজও আবিষ্কৃত হয়নি।
একজন আদর্শ বাবা শুধু সংসারের উপার্জনকারী নন; তিনি একজন শিক্ষক, একজন বন্ধু, একজন পরামর্শদাতা, একজন অভিভাবক এবং একজন নির্ভরতার নাম। তিনি সন্তানের হাতে শুধু অর্থ তুলে দেন না, তুলে দেন সততা, মানবতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জীবনের প্রকৃত মূল্যবোধ।
আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেকেই জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, সেই মানুষটির খবর নেওয়ার সময়টুকুও পাই না, যিনি সারাজীবন আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। যিনি আমাদের হাত ধরে স্কুলে নিয়ে গেছেন, রাতে জেগে অসুস্থ সন্তানের পাশে বসে থেকেছেন, নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছেন—শেষ বয়সে তিনিই অনেক সময় হয়ে পড়েন সবচেয়ে অবহেলিত।
কতটা নির্মম বাস্তবতা! যে বাবা একদিন সন্তানের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, শেষ জীবনে সেই বাবাকেই অনেক সময় একাকীত্বের ভার বহন করতে হয়। এটি শুধু একটি পারিবারিক ব্যর্থতা নয়, এটি আমাদের মানবিকতারও পরাজয়।
মনে রাখতে হবে, বাবা কোনোদিন প্রতিদান চান না। তিনি শুধু চান—সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, মানুষ হোক। তাঁর চাওয়া খুব সামান্য—একটু সময়, একটু খোঁজ, একটু সম্মান আর একটুখানি ভালোবাসা।
যাদের বাবা আজও বেঁচে আছেন, তারা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন। তাঁর পাশে বসুন, তাঁর সঙ্গে গল্প করুন, তাঁর হাতটি শক্ত করে ধরুন, তাঁকে বলুন—"বাবা, আমি আপনাকে ভালোবাসি।" বিশ্বাস করুন, এই কয়েকটি শব্দই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে।
আর যাদের বাবা এই পৃথিবীতে নেই, তাঁদের জন্য রইল আন্তরিক দোয়া। মহান আল্লাহ যেন সকল প্রয়াত বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদেরকে তাঁদের জন্য সদকায়ে জারিয়া হওয়ার তাওফিক দান করেন। আমীন।
বাবা কখনো আলোচনার কেন্দ্রবিন্দু নন, কিন্তু তিনিই পরিবারের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। তিনি নীরবে বাঁচেন, নীরবে ত্যাগ করেন, নীরবেই ভালোবাসেন। আর এই নীরব ভাল বাসার নামই—বাবা।



কোন মন্তব্য নেই